কুমিল্লার চৌদ্দগ্রামে মেহেদী হাসান রাসেল ওরফে রাসেল মজুমদার নামে জামায়াতের যুব বিভাগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি শুভপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত রাসেলকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাসেলের স্ত্রী শারমিন আক্তারের অভিযোগ, সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আহম্মদ উল্লাহ ও রাহাতের নেতৃত্বে তার স্বামীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় রাহাতের আঘাতে রাসেল মাটিতে পড়ে গেলে আহম্মদ উল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় ও পায়ের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করেন। হামলার সময় আহম্মদ উল্লাহর ভাই অহিদউল্লাহও ঘটনাস্থলে ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
শারমিন আক্তার জানান, তার স্বামীর শারীরিক অবস্থার এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এ ঘটনায় তিনি বাদী হয়ে আহম্মদ উল্লাহসহ তিনজনকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, আহতের স্ত্রী অভিযোগ করবেন বলে তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








