পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রুদ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার ও একটি মন্দিরের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত পরিবার ও মন্দিরের প্রতিনিধিদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্তকে দুই বান্ডিল করে মোট ৪৪ বান্ডিল ঢেউটিন এবং চেকের মাধ্যমে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।
সহায়তা পাওয়া ২১টি পরিবারের সদস্যরা হলেন—সুদেব মজুমদার, বাদশা হাওলাদার, খাদিজা বেগম, আবুল কালাম গাজী, তপন মিস্ত্রী, মো. জিয়াউল, রুবেল হাওলাদার, আব্দুল হাই শেখ, ধীরেন শীল, পরিমল মিস্ত্রী, ইউনুস গাজী, প্রণব সাধক, মো. কামাল হোসেন, মাসুম হাওলাদার, খালেক ফকির, জাকির হোসেন, মনতোষ হালদার, সাথী আক্তার, মো. রফিক সিকদার, তানবীর ও মাহফুল ফকির।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও চাল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তাদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রতিমন্ত্রী সার্বক্ষণিক ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন।
উল্লেখ্য, ১৫ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে যায়। এতে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘর হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগে পড়ে। কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








