রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তফসিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাহিদুল ইসলাম।
তফসিল অনুযায়ী, ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২২ নভেম্বর সদস্য যাচাই-বাছাই শেষে ভোটার তালিকা তৈরি করা হবে। ২৩ থেকে ২৫ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ নভেম্বর। ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা চলবে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।
৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনী নির্দেশনায় বলা হয়েছে, প্রেসক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনবিধি অনুসরণ করে নির্বাচন পরিচালনা করা হবে। বৈধ সদস্যরা ভোট দিতে ও প্রার্থী হতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে; সময় পেরিয়ে গেলে তা গ্রহণ করা হবে না।
সদস্য ও মনোনয়ন ফরম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০২ নম্বর কক্ষ এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








