নরসিংদী পৌর শহরে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব ও যেকোনো ধরনের অনিয়ম নির্মূলে কঠোর অবস্থান নিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি ও পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সিদ্দিকুর রহমান নাহিদ। শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় নরসিংদী বড় বাজারের সাধারণ ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার (২৩ জুন) সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাহাত নামে এক চিহ্নিত চাঁদাবাজকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করেছেন তিনি। পরে তাকে কোমড়ে দড়ি বেঁধে বাজার প্রদক্ষিণ করিয়ে র্যাব সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। চিহ্নিত অপরাধীকে প্রশ্রয় না দিয়ে আইনের হাতে তুলে দেওয়ার এই সাহসী ভূমিকা স্থানীয় পর্যায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বিগত বেশ কিছুদিন যাবৎ নরসিংদী বড় বাজারে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ রাহাত গংদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন সাধারণ ব্যবসায়ীরা। রাহাতের নেতৃত্বে বাজারের ব্যবসায়ী গোলজার হোসেন, সমর সাহা, প্রিয় গোপাল সাহা, খোকন সাহাসহ অনেকেই নিয়মিত হেনস্তা ও চাঁদাবাজির শিকার হচ্ছিলেন। সম্প্রতি ব্যবসায়ী গুলজার হোসেনকে চাঁদাবাজ রাহাত চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ। ফলে ব্যবসায়ীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন।
অবশেষে গতকাল সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ীরা জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের দ্বারস্থ হন। ঘটনার সত্যতা ও ভয়াবহতা জানতে পেরে মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে নেতাকর্মীদের সাথে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চাঁদাবাজ রাহাতকে চাপাতিসহ আটক করেন নাহিদ।
এ সময় উপস্থিত বাজার ব্যবসায়ীসহ জনতার উদ্দেশে জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, "নরসিংদীর বড় বাজারের ব্যবসায়ীদের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই চিহ্নিত চাঁদাবাজকে আটক করা হয়েছে। ব্যবসায়ীরা যেন আর কোনো আতঙ্কে না থাকেন, সেজন্যই তাকে আইনের হাতে সোপর্দ করা হলো। নরসিংদী বড় বাজারকে আজ থেকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করা হলো।"
তিনি আরও সুস্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, "চাঁদাবাজি, দখলদারি ও অনিয়মের সঙ্গে দলের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে দ্বিগুণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









