খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মামলার অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার বাবুছড়া, মেরুং ও বোয়ালখালী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) মোস্তাক আহামদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০২৫ সালের একটি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিপায়ন বড়ুয়া (৪০), বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন সেন (৪৫) এবং মেরুং উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম (৫০)।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে দীঘিনালা থানার একটি মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোপন তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় আইনের প্রয়োগে প্রভাব ফেলবে না।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত তিন আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









