হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারানো হৃদয় মিয়াকে ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ তার কার্যালয়ে হৃদয় মিয়ার হাতে আর্থিক অনুদানের চেকটি তুলে দেন।
জেলা প্রশাসন মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ধলাইপাড় গ্রামের বাসিন্দা হৃদয় মিয়া সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনায় তার একটি পা হারান। চিকিৎসা ব্যয় নির্বাহ এবং কৃত্রিম পা সংযোজনের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন হবিগঞ্জ মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে এককালীন ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জেলা প্রশাসন হবিগঞ্জ সবসময়ই অসহায়, দুর্ঘটনাগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









