জমি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারের আয়কর আদায়ে দেশের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস। গত বছর এ অফিস থেকে প্রায় ৫০০ কোটি টাকা আয়কর আদায় হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
তিনি বলেন, বিপুল রাজস্ব আদায়ের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ এ অফিসটির অবকাঠামোগত অবস্থা নাজুক। প্রয়োজনীয় লোকবলেরও সংকট রয়েছে। এ অবস্থায় রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি।
সম্প্রতি রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘‘বিগত সময়ে এ অফিসকে কেন্দ্র করে শুধু লুটপাট করা হয়েছে।’’
সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা ও মুজিবুর রহমান, মিল্ক ভিটার সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন এবং রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক নুর নবী ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









