শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দায়িত্বপূর্ণ এলাকায় ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করবে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল ধরনের চোরাচালান, মাদক ও মানব পাচার রোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন করা হবে।
টহল কার্যক্রম বৃদ্ধিসহ স্পর্শকাতর স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।
কোস্ট গার্ড দায়িত্বপূর্ণ এলাকায় ঢাকা জোন ৩৭টি, পূর্ব জোন (চট্টগ্রাম) ৬৩টি, পশ্চিম জোন (মোংলা) ১৪৪টি ও দক্ষিণ জোন (ভোলা) ৩৭১টি সহ সর্বমোট ৬১৫ টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে।
দুর্গাপূজাকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা ও যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, গুজব কিংবা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
প্রতিমা বিসর্জনের দিন অতিউৎসাহী জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদানসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণার ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড।
এছাড়াও প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্ধারের নিমিত্তে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে।
কোস্ট গার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম ১৬ অক্টোবর হতে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা পেতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









