ঠাকুরগাঁও সদর উপজেলায় আদালতের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আসামির স্বজন ও সহযোগীদের হামলায় এক এএসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
বুধবার (২৪ জুন) বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পূর্ব ফকদনপুর কালিতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় সদর থানা পুলিশ। গ্রেপ্তারের পরই সুমনের স্বজন ও স্থানীয় কয়েকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে। এ সময় সুমনের মা পারুল বেগমকে গ্রেপ্তার করা হয়। তবে অন্যান্য অভিযুক্তরা পালিয়ে যায়।
হামলায় আহত এএসআই মো. সারোয়ার জাহান ও কনস্টেবল মো. আব্দুস সালামকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় সরকারি কাজে বাধা, হামলা ও গুরুতর জখমের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাজাহান বলেন, ‘‘আজকে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকা থেকে স্থানীয় লোকজন দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় তারা ব্যর্থ হয়। এ ঘটনায় এ এস আই সারোয়ার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









