পরীক্ষায় নকলের সংস্কৃতি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘‘সরকারের বর্তমান মূল লক্ষ্য শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট ও শিক্ষকদের পেশাগত সমস্যাগুলো চিহ্নিত করে তা স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বরিশাল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বরিশাল অঞ্চলের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাঠপর্যায়ের শিক্ষা পরিস্থিতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘নকল এখন আর হচ্ছে না, এটি আমাদের একটি বড় অর্জন। আমরা এখন শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছি। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করছি এবং তা দ্রুত সমাধানের চেষ্টা করছি।’’
আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম যেন না ঘটে, সে বিষয়ে কেন্দ্র প্রধানদের কঠোর নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে শতভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, পরীক্ষার্থীদের জন্য একটি অনুকূল ও চাপমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।’’
সভায় পরীক্ষা কেন্দ্র ব্যবস্থাপনা উন্নত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশ্নপত্র সুরক্ষার সার্বিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, উজিরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, বিভাগীয় কমিশনার খলিলুল আহমেদ, ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ শিক্ষা প্রশাসন, স্থানীয় সরকার ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









