দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য ফের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দেশটির নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, “আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।”
বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে তার দায়িত্ব শুরু করেন।
দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হবে।
তিনি জানান, তিনি যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলেন, তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল। তিনি দেখেছেন, ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠাল। তিনি ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। (১২ জুন) দীনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে আসেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









