চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন শিশুকে লাল ও নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ জেলা সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এবার লাল ও নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৬ থেকে ১১ মাস বয়সের ১৭ হাজার ৫৪১ জন ও ১ থেকে ৫ বয়সের ১ লাখ ২৮ হাজার ৩০৪ জন শিশুকে। এবার টিকাদানের জন্য মোট আউটরিচ কেন্দ্র রয়েছে ৮৯৬ টি। মোট স্থায়ী কেন্দ্র আছে ৮টি। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে মোট সেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন ১ হাজার ৮১২ জন। যেখানে সরকারি ও বেসরকারি কর্মীর সংখ্যা ২৬৮ জন এবং ১ম সারির তত্বাবধায়ক থাকবেন ১১৮ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ইতোমধ্যে জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্টাফ ও সেচ্ছাসেবক ওরিয়েন্টেশন শেষ করা হয়েছে। আগামি ২৭ জুন পর্যন্ত জেলায় মাইকিং প্রচার কার্যক্রম চলবে। আগামী ২৮ জুন সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
সাংবাদিক ওরিয়েনটেশনে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টি, রাতকানা রোগ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের মতো সমস্যা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি শিশুকে কেন্দ্রে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সকল অভিভাবকের প্রতি আহ্বান জানাচ্ছি। ভিটামিন ‘এ’ একটি জীবনরক্ষাকারী পুষ্টি উপাদান, যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।’’
তিনি আরও বলেন, ‘‘কোনো শিশু যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবাই মিলে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করি। সুস্থ শিশু মানেই সুস্থ জাতি। তাই শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের জাতীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।’’
সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান ও ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার গণমাধ্যমকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









