পটুয়াখালীর দশমিনায় পৃথক ঘটনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। অপরজনকে অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় পৃথক ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের চরহাদী ও বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধা বাজার এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা।
আটক শাকিল চৌধুরী (২২) চরহাদী গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে ও নিজাম মেলকার (৪০) জমির মৃধা গ্রামের শাহআলম মেলকারের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় চরহাদী গ্রামে রাস্তার পাশে নির্জন জায়গায় বসে মাদক ব্যবসায়ী শাকিল গাঁজা সেবনকালে হাতেনাতে আটক করে স্থানীয়রা। এ সময়ে শাকিলের কাছে বিক্রির জন্য রাখা ২৮ গ্রাম গাঁজা পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাকিলকে হেফাজতে নেয় পুলিশ।
এদিকে, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের জমির মৃধা বাজারে গাঁজা বিক্রির সময় নিজামকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ডাদেশ দেন। এ সময় নিজামের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘‘আটক শাকিলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









