জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম-এর খোঁজ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সাতদিন পর বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে থেকে উদ্ধার করা হয় তাকে। গত বৃহস্পতিবার (১৮ জুন) নিখোঁজ হয়েছিলেন তিনি।
নিখোঁজ শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘‘আমি কেরানীগঞ্জ থেকে এখানে আসছি। আমার মাথা এখন কাজ করছে না। আমি জানাতে পারছি না।’’
নিখোঁজের বাবা আবুল কালাম বলেন, “আমাকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়, ‘আমি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আছি।’ তখন আমি বলি, ‘আমি ভার্সিটিতে আছি।’ জবাবে তিনি বলেন, ‘আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভার্সিটির দিকে আসতেছি।’ পরে জানা যায়, তিনি ভার্সিটির গেটে গিয়ে অসুস্থ বোধ করায় সেখান থেকে চলে যান। এরপর সাঈদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এখনো এ বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কোনো কথা হয়নি। ঘটনাটি হাজারীবাগ এলাকায় ঘটেছিল। যতদূর জানা গেছে, তিনি কোনো ধরনের হয়রানির শিকার হননি। সবাই বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা করেছে। দায়িত্বে থাকা এসআইও যথেষ্ট চেষ্টা করেছেন। তিনি সারাদিন বিষয়টি নিয়ে কাজ করেছেন এবং আমাদের কোনো ধরনের হয়রানি করেননি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, ‘‘শিক্ষার্থী সিরাজ প্রামাণিক কয়েকদিন নিখোঁজ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগে ছিল। বিষয়টি জানার পরপরই প্রশাসন, শিক্ষার্থী প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠন ও সাংবাদিকদের নিয়ে জরুরি বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাওয়া হয় এবং প্রক্টরের নেতৃত্বে একটি টিম ধানমন্ডি থানায় কাজ করে।’’
তিনি আরও বলেন, ‘‘সবার সম্মিলিত প্রচেষ্টায় সিরাজকে সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে পাওয়া গেছে। এ জন্য তিনি পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









