যশোরের চৌগাছা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান মিজান রুমি সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। ২৮ জুন উপজেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সভায় জানানো হয়, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৬৪টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্র খোলা থাকবে।
বক্তারা বলেন, শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাম, অপুষ্টি, রক্তস্বল্পতাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতেও এ ক্যাপসুল কার্যকর।
তবে, ৬ মাসের কম বয়সী শিশু, ৫৯ মাসের বেশি বয়সী শিশু, গুরুতর অসুস্থ শিশু এবং গত চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে—এমন শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হবে না।
অভিভাবকদের শিশুদের ভরা পেটে ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধিসহ সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









