নওগাঁর সাপাহারে তীব্র গরমে অতিষ্ঠ পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে ‘সাপাহার মুক্ত স্কাউট গ্রুপ’।
শুক্রবার (২৬ জুন) উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় আম বিক্রি করতে আসা চাষি, রিকশাচালক ও সাধারণ মানুষের মাঝে এই শরবত বিতরণ করা হয়। একই সঙ্গে তীব্র যানজট নিরসনেও কাজ করেন স্কাউট সদস্যরা।
শরবত বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার মুক্ত স্কাউটের কমিশনার সারোয়ার জাহান চৌধুরী লাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত স্কাউটের সভাপতি আব্দুর রহমান কল্লোল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পরিচালক সাহাবুদ্দীন ও সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মুক্ত স্কাউট। আগামীতেও তাদের এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। তীব্র গরমে স্কাউটের এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









