বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও পিরোজপুরের কৃতী সন্তান অধ্যাপক ডা. রফিকুল কবিরের পিরোজপুরে শুভাগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় পিরোজপুর উপজেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল কবির বলেন, “যুব রেড ক্রিসেন্টই, রেড ক্রিসেন্টের মূল শক্তি। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই সংগঠনটি এগিয়ে যায়। যুব রেড ক্রিসেন্টকে আরও সমৃদ্ধ করতে সবার কাছ থেকে লিখিত পরামর্শ চাই।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “রেড ক্রিসেন্ট আমার একটি আত্মিক প্রতিষ্ঠান। বিশেষ করে যুব রেড ক্রিসেন্ট নিয়ে কাজ করা আমার দীর্ঘদিনের ইচ্ছা। অধ্যাপক ডা. রফিকুল কবিরের নেতৃত্ব ও অভিজ্ঞতা যুব রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিরোজপুর রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মো. হান্নান।
সভায় রেড ক্রিসেন্টের সদস্য, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিদের সঙ্গে সৌজন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









