নতুন বাস যুক্ত করা নিয়ে পরিবহন মালিকদের বিরোধের জেরে কিশোরগঞ্জ-মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকেরা। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রান্তের টার্মিনালে আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঢাকা থেকে এবং বিকেল ৫টা থেকে কিশোরগঞ্জ থেকে এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। কোনো পূর্বঘোষণা না থাকায় টার্মিনালে এসে বিপাকে পড়েন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরিবহন মালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, ঢাকা ও কিশোরগঞ্জ থেকে অনন্যা পরিবহনের নতুন চারটি বাস এ রুটে যুক্ত করা নিয়ে দুই অঞ্চলের মালিকদের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। তবে সমঝোতা হওয়ার আগেই ঢাকা থেকে দুটি নতুন বাস চালু করা হয়। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন কিশোরগঞ্জের পরিবহন মালিকেরা।
তাদের অভিযোগ, আলোচনা শেষ হওয়ার আগেই একতরফাভাবে নতুন বাস চালু করে রুটের প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা লঙ্ঘন করা হয়েছে। বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকবে।
কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফ বলেন, অনন্যা পরিবহনের নতুন চারটি বাস যুক্ত করার বিষয়ে ঢাকার মালিকদের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই ঢাকা থেকে দুটি বাস চালু করা হয়। এর প্রতিবাদে শনিবার থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। নিয়ম মেনে আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হবে না।
এদিকে বাস বন্ধ থাকায় মহাখালী ও কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেকে গন্তব্যে যেতে পারেননি। বিকল্প যানবাহনের সংকটের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন কেউ কেউ। বাধ্য হয়ে অনেকে সিএনজিচালিত অটোরিকশাসহ বিকল্প যানবাহনে যাত্রা করেন।
ভুক্তভোগী যাত্রীরা দ্রুত পরিবহন মালিকদের বিরোধ মিটিয়ে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তাদের মতে, পরিবহন খাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহানো অনাকাঙ্ক্ষিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









