জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মূর্তির আনুমানিক সিজার মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পৃথক দুটি অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) ও পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় কষ্টিপাথরের মূর্তি মজুত রাখার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বিজিবির বিশেষ টহলদল, পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার করা তিনটি মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এর মধ্যে দুটি মূর্তির ওজন যথাক্রমে ৪২ কেজি ৭০০ গ্রাম ও ৩৭ কেজি ৬০০ গ্রাম। অন্যটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি, যার ওজন ৮ কেজি ৮০০ গ্রাম।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা মূর্তিগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









