দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটি ভ্রমণের সুযোগ পাবেন। একই সঙ্গে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।
এর আগে সাম্প্রতিক বছরগুলোতে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটককে দ্বীপটি ভ্রমণের অনুমতি দেওয়া হতো। এবার পর্যটকের দৈনিক সংখ্যা বাড়িয়ে সাড়ে ৩ হাজার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রোববার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।
গতবারের মতো এবারও কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। তবে দ্বীপের পরিবেশ সংরক্ষণের জন্য প্রত্যেক পর্যটককে অতিরিক্ত ১০০ টাকা দিতে হবে।
এর আগে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটকদের যাতায়াতের সময়সীমা বাড়ানো এবং রাত্রিযাপনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দ্বীপের বাসিন্দারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









