বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। সেই প্রতিদ্বন্দ্বিতা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ।
শুক্রবার (২৬ জুন ) বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কমলগঞ্জ পৌর ফুটবল একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে আর্জেন্টিনা সমর্থক দল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য এ ম্যাচটি দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলির পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. শোয়েব আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থা (এ্যাডহক কমিটি) সদস্য সচিব, মো. আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার কার্যকর মাধ্যম। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









