নরসিংদীর রায়পুরায় একই পরিবারের ছয়জন প্রতিবন্ধী সদস্য নিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা হারেছা বেগম (৭০) অবশেষে একটি নতুন ঘর পেয়েছেন। স্থানীয় সংগঠন 'রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরাম'-এর উদ্যোগে নির্মিত এই নতুন ঘরটি শনিবার (২৭ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে পরিবারটির কাছে হস্তান্তর করা হয়।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূবেরচর গ্রামে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম সালামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর চরম অর্থকষ্টে পড়েন হারেছা বেগম। বর্তমানে তাঁর সঙ্গে থাকেন জন্মান্ধ মেয়ে সুরাইয়া বেগম (৪৫), শারীরিক প্রতিবন্ধী জামাতা মরম আলী (৫৬) এবং তিন দৃষ্টিপ্রতিবন্ধী নাতি-নাতনি—মদিনা পাখি (৯), আব্দুর শুক্কুর (৮) ও তাসনিম (৭)। পরিবারের এই ৬ সদস্যই কোনো না কোনো প্রতিবন্ধিতার শিকার।
গণমাধ্যমে এই পরিবারের দুঃখ-দুর্দশার সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে স্বেচ্ছাসেবী ফোরামের। সবার সহযোগিতায় এক লাখ টাকারও বেশি ব্যয়ে দ্রুত এই বসবাসযোগ্য ঘরটি নির্মাণ করা হয়। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হারেছা বেগম ও তাঁর মেয়ে সুরাইয়া সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা খলিলুর রহমান সরকার জানান, সংবাদটি রাষ্ট্রপতির দৃষ্টিগোচর হওয়ার পর জেলা ও উপজেলা সমাজসেবা বিভাগ পরিবারটি পরিদর্শন করেছে। তাদের টেকসই আয়ের জন্য গাভী প্রদানসহ বিভিন্ন সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইউএনও মাসুদ রানা স্বেচ্ছাসেবীদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে জানান, প্রশাসনের পক্ষ থেকেও এই পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









