রংপুরে ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনা মামলায় মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে, সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে নেওয়া হয়। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইনের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে সাকিনের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন।
এ সময় আদালতের কাছে পুলিশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও কাগজপত্র উপস্থাপন করলে, আদালতের বিচারক আগামী তিন দিনের যেকোনো একদিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকোচ করে দেন। শুনানি শেষে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাকিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, ‘‘মামলার উপাদান, মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করেন। আদালত রবিবার সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘গত ১৬ জুন সাকিন রাত সাড়ে ৩টার দিকে নুজশাতকে মোবাইলে ফোন করে দীর্ঘ ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলেন। গত তিন মাসে ১১৮ বার তাদের মোবাইল ফোনে কথা হয় এবং মেসেজ আদান-প্রদান করা হয়। গভীর রাতে এত দীর্ঘক্ষণ কোনো ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না।’’
বিবাদির আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, ‘‘৩০৬ ও ১০৯ ধারায় মামলা করার জন্য এজাহারে যে উপাদান থাকতে হয়, তার কিছুই নেই। পুলিশের কাছে দুটি মোবাইল ফোনই ছিল। তারা তথ্য প্রযুক্তির ব্যবহার করে সব ধরনের তথ্য বের করতে পারবে। এর জন্য রিমান্ডের কোনো প্রয়োজন পড়ে না। আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। আদালত যেহেতু এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তাই আমাদের আবেদন নাকচ করেছে। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।’’
প্রসঙ্গত, গত ২২ জুন বিকেলে নগরীর হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









