ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ, দক্ষিণাঞ্চলে রেলপথ চালু এবং ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে অবকাঠামো উন্নয়নসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা।
সোমবার (২৯ জুন) সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান এবং জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন থেকে উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে দ্রুত ৬ লেনে উন্নীত করা, দক্ষিণাঞ্চলে রেলপথ চালু, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ভোলার গ্যাসকে কাজে লাগিয়ে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে দক্ষিণাঞ্চলের সব জেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্পে এখনো কার্যকর বরাদ্দ দেওয়া হয়নি। একইভাবে দক্ষিণাঞ্চলে রেলপথ নির্মাণসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোও দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।
তাদের অভিযোগ, জাতীয় উন্নয়নের ধারায় দক্ষিণাঞ্চল এখনও বৈষম্যের শিকার। এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের বিকল্প নেই। তাই ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী বাজেটে এসব যৌক্তিক দাবির প্রতিফলন না ঘটলে দক্ষিণাঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও দীর্ঘমেয়াদি আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









