পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে দিনাজপুরের নবাবগঞ্জে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬- এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা তারেক সিফাতী, একাডেমিক সুপারভাইজার শফিউল আলম, নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন ডাবলু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির মূল লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে তা রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ করা। একটি শিশু যদি একটি গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









