মৌলভীবাজারের কুলাউড়া–মৌলভীবাজার সড়কে পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগ উঠেছে।
রবিবার (২৯ জুন) গভীর রাতে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা মাছুম আহমেদ ও তাঁর পরিবার।
ভুক্তভোগী মাছুম আহমেদ বলেন, তিনি রবিবার গভীর রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে বিয়ানীবাজার থেকে কুলাউড়া হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। রাত আনুমানিক দেড়টার দিকে লুয়াইউনি চা বাগান এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরিহিত একদল ব্যক্তি তাদের গাড়ির গতিরোধ করে।
এরপর ডাকাতরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে তল্লাশির নামে নগদ টাকা, তাঁর স্ত্রী ও মেয়ের গলায় থাকা রুপার চেইন, কানে ও নাকে থাকা স্বর্ণের দুল ও নাকফুলসহ মূল্যবান অলংকার এবং সঙ্গে থাকা চারটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী মাছুম আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে পুরো ঘটনার বর্ণনা দেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে, পুলিশের পোশাক ব্যবহার করে সংঘটিত এ ডাকাতির ঘটনায় কুলাউড়া–মৌলভীবাজার সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলায় চলাচলকারী যাত্রীরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা সড়কটিতে নিয়মিত পুলিশ টহল জোরদার এবং দ্রুত ডাকাত চক্রকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









