যশোরের চৌগাছা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ, পিপিএম, সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনীব, আন্দুলিয়া বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ কবির আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া জামায়াতের সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, বিএনপি নেতা জহুরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সীমান্ত পরিস্থিতি তুলে ধরে বিজিবির প্রতিনিধি সুবেদার শরীফ কবির আহম্মেদ বলেন, ‘‘চৌগাছা উপজেলার প্রায় ১২ কিলোমিটার ভারতীয় সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশ-ইনের ঘটনা ঘটেনি। সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।’’
বক্তারা মাদক, চুরি, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









