দিনাজপুরের চিরিরবন্দরে জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৯ জুন) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চিরিরবন্দর উপজেলার উত্তর পলাশবাড়ী টেপাপাড়া এলাকার মৃত শহিদুল হক দুলুর ছেলে মো. সাদেকুল ইসলাম (৩০) ও মো. সাকিব (১৯)।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প ও র্যাব-৭ চট্টগ্রাম ক্যাম্পের যৌথ অভিযানে সোমবার দুপুরে চট্টগ্রামের আকমল আলী রোড রেলবিট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে রাতে ইপিজেড থানা এলাকার একটি হোটেলের সামনে থেকে দ্বিতীয় আসামি সাকিবকে আটক করা হয়।
মামলা সূত্রে জানা যায়, নিহত শহিদুল হক দুলুর প্রথম স্ত্রীর দুই ছেলে হাবিল ও কাবিল এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে সাদেকুল ও সাকিব। দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
গত ১২ মে সকালে বাড়ির পাশের জমির ভুট্টা তোলাকে কেন্দ্র করে সাদেকুলের সঙ্গে তার বাবা শহিদুল হক দুলুর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাদেকুল বল্লম ও ছুরি দিয়ে বাবার ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শহিদুল হক দুলুর মৃত্যু হয়।
এ সময় সৎ ভাই জয়নাল আবেদীন কাবিল বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের আরেক ছেলে হাবিবুর রহমান হাবিল বাদী হয়ে ১৩ মে চিরিরবন্দর থানায় সাদেকুল, সাকিবসহ কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করার পর চট্টগ্রামে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









