দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলমকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুহিনুর আলম দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাঞ্চন পৌর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি, লুটপাট, জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা বাস্তবায়নে জেলা বিএনপি আপসহীন অবস্থানে থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









