মাদারীপুরের শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যাদুয়ারচর স্বাস্থ্যকলোনি এলাকায় থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে, শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক সিদ্দিক বেপারী (৪০) ওই এলাকার আব্দুল কাদির বেপারীর ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির আঙিনায় মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার চালান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১১৬৫ এওপিস বলে নিশ্চিত করেছে পুলিশ।
শিবচর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল স্বাস্থ্যকলোনি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিদ্দিক বেপারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনার একটি স্থানে মাটি খুঁড়ে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিদ্দিক বেপারী দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময়ে মাদক সংশ্লিষ্ট অভিযোগ উঠেছিল। স্থানীয়রা একাধিকবার তাকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানালেও তিনি তা উপেক্ষা করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে দাবি করেন তারা।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার তার বাড়িতে নতুন ইয়াবার চালান এসেছে—এমন খবর পেয়ে কয়েকজন সচেতন ব্যক্তি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে শিবচর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এলাকাবাসী জানান, মাদকের বিস্তার রোধে পুলিশের এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হয়।
পুলিশ আরো জানায়, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে এবং তার সঙ্গে জড়িত সম্ভাব্য অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিবচরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ এই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









