"মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামে মাদকের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সাকরাল মডেল বাজারের সামনের প্রধান সড়কে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এলাকায় মাদক ব্যবসা ও সেবনের প্রকোপ বেড়ে যাওয়ার প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত ক্ষুব্ধ মানুষ অংশ নেন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে তারা মাদক মুক্ত সমাজ গড়ার পক্ষে তীব্র আওয়াজ তোলেন।
সাকরাল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. স্বপন সিকদার, স্থানীয় সমাজসেবক ও যুবনেতা সুমন আল ফয়েজ, মো. জাহিদুল ইসলাম সবুজ, মাওলানা মোহাম্মদ আলী, মো. ইমরান, মো. সুমন ভূঁইয়া, মো. মোজাম্মেল হোসেন এবং খোকন খান প্রমুখ।
এছাড়া কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান ঢালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদকের ভয়াল গ্রাস আমাদের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং তরুণ প্রজন্মকে বাঁচাতে এখন থেকে সচেতন মহল কঠোর অবস্থানে থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের আমরা অবিলম্বে এই অন্ধকার পথ ছেড়ে ভালো পথে ফিরে আসার অনুরোধ জানাচ্ছি।
বক্তারা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি হুশিয়ারি দিয়ে বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ীরা যদি অচিরেই তাদের কর্মকাণ্ড বন্ধ না করে, তবে সাকরাল গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকের সকল আস্তানায় সরাসরি হামলা ও অভিযান চালাবে। সমাজকে কলঙ্কমুক্ত করতে এর চেয়েও আরও কঠোর ও লাগাতার সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বিক্ষুব্ধ জনতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









