লক্ষ্মীপুরের রায়পুরে মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন বিকেলে রায়পুর পৌর শহরের হল রোড এলাকার নদীর পাড়ে মাদক বিক্রিকে কেন্দ্র করে মাদক কারবারিদের সাথে সাগরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাগরের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সময় স্থানীয় জনতা দেনায়েতপুর এলাকার বাসিন্দা ও মূল অভিযুক্ত মো. নুরুল আমীনকে (৪৫) গাঁজাসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহতের বড় ভাই জসিম উদ্দিন হৃদয় জানান, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সাগরের জীবন বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় গত ২৯ জুন নিহতের শাশুড়ি বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যুর বিষয়টি তারা জেনেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মামলার ধারা সংশোধনসহ (হত্যামামলা হিসেবে) পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









