রাজধানীর পরিকল্পিত উপশহর পূর্বাচল নতুন শহরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা জোরদারে ১ নম্বর সেক্টরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল’। বুধবার সকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ক্যাম্পটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ আহমদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজউকের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে গড়ে তোলা হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। পরিকল্পিত এ নগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ধাপে ধাপে আধুনিক পুলিশি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন সেই পরিকল্পনারই অংশ।
তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচলে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন করা হবে। এ বিভাগের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন নতুন জনবল নিয়োগের প্রস্তাব রয়েছে। জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলে পূর্বাচলের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর ও আধুনিক হবে।
আইজিপি আরও বলেন, আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শি পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে। এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম পূর্বাচল পর্যন্ত বিস্তৃত হবে এবং সরকারের পরিকল্পিত নগরায়ন বাস্তবায়নে আইনশৃঙ্খলা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।
তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্পকে কেন্দ্র করে সরকার নীতিগতভাবে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এসব স্থাপনা চালু হলে দ্রুত বর্ধনশীল এ নতুন শহরের বাসিন্দারা আরও সহজে ও দ্রুত পুলিশি সেবা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, পূর্বাচল নতুন শহরে জনসংখ্যা ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। পরিকল্পিত এ নগরীতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









