চুয়াডাঙ্গা জেলা শহরের মাছপট্টি কবরস্থানের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে পরিত্যক্ত অবস্থায় বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সেটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মাছপট্টির আড়তে প্রতিদিনের মতো মাছ কেনাবেচা চলছিল। এ সময় কবরস্থানের সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন ব্যবসায়ীরা। বস্তুটি বোমা হতে পারে, এমন সন্দেহে তারা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানায় খবর দেন।
খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। পরে অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









