চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে মেসার্স শাহীন ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর পৌরসভা এলাকার চ্যাংখালী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা-অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, চ্যাংখালী সড়কে কীটনাশক ও ভূষির দোকানে তদারকিমূলক অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন করে অবৈধ উপায়ে ‘তীর গমের ভূষি’ তৈরি ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়ায় মেসার্স শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সাইফুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ ও বীজ বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









