সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে সারাদেশে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা শুরু হয়।
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের উপস্থিতি, কক্ষের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জে এবারের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষাকালীন সময়ে প্রতিটি কেন্দ্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম নিয়মিত কেন্দ্র পরিদর্শন করছে, যাতে কোনো ধরনের অনিয়ম, নকল বা বিশৃঙ্খলার সুযোগ না থাকে।
২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালে সকলকে শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









