ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় তিন ভাইকে পৃথক ধারায় মোট ১৯ বছর এবং তাদের এক বোনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চার আসামির প্রত্যেককে ৬ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় দেন।
রায়ের সময় দণ্ডপ্রাপ্ত বোন রেশমা বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। পলাতক তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ পানবাড়িয়া গ্রামের রাশেদ হাওলাদার, রাসেল হাওলাদার, টিপু হাওলাদার এবং রেশমা বেগম।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শহিদুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনের চাকরির আশ্বাস দিয়ে ৫ লাখ টাকার চুক্তিতে পাঠানো হয়। ৪ লাখ ৬৭ হাজার টাকা নেওয়ার পর ২০২২ সালে তাকে সৌদি আরবে পাঠিয়ে একটি কক্ষে আটকে অতিরিক্ত টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন। একই সঙ্গে আদায়কৃত অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









