নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। একই অর্থবছরে পরিষদের সম্ভাব্য আয় ধরা হয়েছে ২৪ কোটি ৩৩ লাখ ৯৬ হাজার ৮৪৫ টাকা। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, জনসেবার মানোন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন।
উপস্থাপিত বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, নারী ও শিশু কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের চাহিদা ও টেকসই উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাতে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে, যাতে সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি উপজেলার সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল করা যায়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে ২০২৬-২০২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হলে উপস্থিত কর্মকর্তারা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









