মৌলভীবাজারের কমলগঞ্জে প্রকাশ্য দিবালোকে স্বামীর উপর হামলা করে স্ত্রীকে তুলে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্বামী আব্দুল কাদির।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী আব্দুল কাদির সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাবে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এর আগে তিনি বাদী হয়ে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলন ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী আব্দুল কাদিরের সঙ্গে তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়ার বিয়ে হয় ২০২৪ সালে। বিয়ের পর থেকেই সাদিয়া স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন। অভিযোগকারীর দাবি, স্থানীয় কয়েকজন বখাটে দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল।
সোমবার দুপুরে আব্দুল কাদির তার স্ত্রীকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্ত মো. খোকন মিয়া, সামাদ মিয়া, সাইফুল ইসলাম শাহিদ, সালাম মিয়া ও সুহেল মিয়ার নেতৃত্বে অজ্ঞাত আরও ২-৩ জন তাদের পথরোধ করে। এ সময় অভিযুক্তরা রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে আব্দুল কাদিরের বাম হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাত করা হয় এবং তার স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে অভিযুক্ত খোকন মিয়ার বসতঘরে আটকে রাখা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুল কাদির অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা তাদের বাঁচাতে আসা সাক্ষী এবং পরিবারের সদস্যদের ওপরও নির্মম শারীরিক নির্যাতন চালায়। এ সময় তাদের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আব্দুল কাদিরসহ আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল কাদির বলেন, “হামলার পর থেকে অভিযুক্তরা আমাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি প্রদান করছে। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ~আমরা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









