হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের সরকারি সহায়তা বন্ধ রাখা এবং দুর্ব্যবহারের অভিযোগে বরিশালের জেলা প্রশাসক (ডিসি) খাইরুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী নারীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়।
গতকালই (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে বরিশাল জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া ছিন্নমূল নারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটু সরকারি সহায়তার আশায় তারা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু জেলা প্রশাসক তাদের কোনো ধরনের সাহায্য তো করেনইনি, উল্টো জেলাজুড়ে শত শত ছিন্নমূল মানুষ বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন।
বিক্ষোভকারীদের একজন শাহানুর বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ডিসি খায়রুল আলম সুমন গরীব ও অসহায় মানুষদের কোনো সহায়তা করেননি। ওনার দরজায় ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। উল্টো উনি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেন।’’
অসহায় নারীদের এই বিক্ষোভ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে সাংবাদিকরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমে তিনি তার অফিস সহায়ককে (পিওন) দিয়ে সাংবাদিকদের জানান, তিনি কোনো বক্তব্য দেবেন না।
পরবর্তীতে দুপুর ২টার দিকে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে বিক্ষোভের বিষয়ে প্রশ্ন করলে, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন কোনো মন্তব্য করতে রাজি হননি এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ১৩ নভেম্বর বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন খাইরুল আলম সুমন। দায়িত্ব পালনকালে শুরু থেকেই তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতসহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
স্থানীয় পর্যায়ে তীব্র অসন্তোষের মুখে গতকাল বুধবার (১ জুলাই) তাকে বরিশাল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার প্রত্যাহারের পরদিনই এই ঝাড়ু মিছিলের ঘটনা ঘটল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









