মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কঠোর বাস্তবায়নে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রূপগঞ্জ উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে বিভিন্ন এলাকা থেকে আটক ব্যক্তিদের মাদক গ্রহণ ও মাদক সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. রফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান (২২), মো. সিয়াম (১৮), মো. জুয়েল (১৯), মো. রায়হান বাপ্পি (১৮), মো. আরিফ হোসেন বাপ্পি, মো. জিহাদ, মো. বাপ্পি (৪০), মো. ইউসুফ (৩৫), মো. সাইফুল ইসলাম, মো. রুবেল মিয়া, মো. ওসমান (১৯), মো. সুজন (৩৫), মো. কাউসার মিয়া (২১), মো. সৃজন ও মো. সদাগর। তাদের বিরুদ্ধে মাদক গ্রহণ ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রচলিত আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অবস্থান আপসহীন। মাদক সেবন, সংরক্ষণ কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









