ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাছ চাষের একটি পুকুরের টানানো তারে জড়িয়ে মামুন বিশ্বাস (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের লাখু বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের জাহিদ শিকদারের আট শতাংশ জমির ওপর একটি পুকুর রয়েছে। পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন বোয়ালমারী পৌরসভার আধারকোটা গ্রামের বিশ্বজিৎ সরকার। মাছের নিরাপত্তার জন্য পুকুরের মাঝখানে বাঁশের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে আলোর ব্যবস্থা করা হয়। বাঁশটি স্থির রাখতে জিআই তার টানানো ছিল।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই জিআই তারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল। গত এক মাসে একই তারে জড়িয়ে তিনটি কুকুর মারা গেলেও সংশ্লিষ্টরা কার্যকর ব্যবস্থা নেননি।
বৃহস্পতিবার সকালে মামুন বিশ্বাস গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে পুকুরপাড়ে বিদ্যুতায়িত জিআই তারে পা জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









