গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির একটি ট্রাকচিাপায় থেমে গেল দুই তরুণের জীবন। মুহূর্তেই আনন্দের সফর পরিণত হয় হৃদয়বিদারক শোকে।
বৃহস্পতিবার (২জুলাই) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)। সোলেমান কেরানীগঞ্জে ব্যবসা করতেন এবং কাওসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কর্মসূত্রেই তাদের মধ্যে গড়ে ওঠে গভীর বন্ধুত্ব।
পুলিশ ও নিহত কাওসারের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানান, চার বন্ধু—সাজ্জাদ, আরিফ, সোলেমান ও কাওসার—দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাত প্রায় ২টার দিকে জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক কাওসার ও সোলেমান আরোহী মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুই বন্ধু।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
একসঙ্গে পথচলা শুরু করেছিলেন চার বন্ধু। কিন্তু সেই পথেই চিরবিদায় নিতে হলো দুইজনকে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও বন্ধুদের মাঝে নেমে এসেছে গভীর শোক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









