সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে দিশারী এডুকেশন ট্রাস্ট এবং প্রাথমিক শিক্ষা পরিবার, মধ্যনগর উপজেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন আয়ান রহমান এবং গীতা পাঠ করেন আদ্রিতা তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক পূর্ণিমা রানী চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দিশারী শিক্ষা একাডেমির সভাপতি আবুল বাশার তালুকদার। পরে পৃথক পর্বে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানে তাকে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, একটি শিক্ষিত জাতি গঠনের প্রথম ধাপ হলো প্রাথমিক শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিশারী এডুকেশন ট্রাস্টের এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে অনুকরণীয়। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও শিক্ষা উন্নয়নে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন শাহীন (পিপিএম), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাশার তালুকদার ও মোশাহিদ তালুকদার।
এছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও অভিভাবক সদস্য সাইদুর রহমান জিয়া, মধ্যনগর বি.পি. উচ্চ বিদ্যালয়ের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা এবং দিশারী শিক্ষা একাডেমির সদস্য সচিব ও প্রধান শিক্ষক মৌজালী তালুকদার।
অনুষ্ঠান শেষে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র, শিক্ষা উপকরণ, মানসম্মত বই ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









