রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দীর্ঘ ১৭ বছর পর আপনারা ভোট দিতে পারবেন: আসিফ মাহমুদ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৮ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

দীর্ঘ ১৭ বছর পর আপনারা ভোট দিতে পারবেন: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আপনারা নিরাপদে কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে আপনাদের ভোট দিতে পারবেন।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল স্টেশন সড়কে এক নির্বাচনি পথসভায় তিনি বলেন, ‘ আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ১১–দলীয় জোট কেন্দ্রে উপস্থিত থাকব।’

ভোটারদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আপনারা নিরাপদে আপনাদের ভোট দিতে পারবেন। আমরা আপনাদের নিশ্চয়তা দিতে চাই, ভোটের দিন আপনারা কেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবেন। এটি নিশ্চিত করার জন্য আমরা ১১–দলীয় জোট কেন্দ্রে কেন্দ্রে উপস্থিত থাকব।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে দেখেছি, ১৭ বছর মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য তারা বলছেন—আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আমাদের নিষিদ্ধ করা হবে না, এর নিশ্চয়তা কোথায়?’ 

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের যদি শাস্তি দেওয়া না যায়, আপনারা যদি সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ান, তাহলে আমরা বুঝব, ১৭ বছরের যে নিপীড়নের শিকার হওয়ার যে কথা আপনারা বলেন, সেটা ভুয়া। যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়, সন্ত্রাসীর পাশে দাঁড়ায়, তার অপরাধও সমান। বাংলাদেশের জনগণ এবার ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’

চা-শ্রমিকদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ১১-দলীয় জোট যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে এখানকার মাটির মানুষদের, এখানকার চা-শ্রমিকদের ভূমির অধিকার ফিরিয়ে দেব। আমরা আমাদের পক্ষ থেকে দাবি করেছি এবং আমাদের ইশতেহারও থাকবে যেন শ্রমিকদের মজুরি ঘণ্টায় ১০০ টাকা করা হয়। আপনারা ঘণ্টায় যে পরিমাণ মজুরি পান, আমরা সেটা জানি। সেটা দিয়ে জীবন চলে না। কিন্তু তারপরও আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা বিজয়ী হলে আপনাদের মজুরি বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নের জন্য কাজ করব।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘এই অঞ্চলের মানুষদের জন্য আমাদের প্রার্থী প্রীতম দাশ এক যুগ ধরে কাজ করে যাচ্ছেন। মানুষের জন্য লড়াই করতে গিয়ে তিনি জেল খেটেছেন। আমরা বিশ্বাস করি, আপনারা ১২ তারিখ প্রীতম দাশকে ভোট দেবেন এবং আপনারা যদি তাকে বিজয়ী করেন, তিনি সামনে আরও শক্তি ও সমর্থন নিয়ে আপনাদের জন্য সংগ্রাম চালিয়ে যেতে পারবেন।’

এনসিপির এই নির্বাচানি পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন, ‘একটি রাজনৈতিক দল সারা দেশে নির্বিচার মামলা দিয়ে বাণিজ্য করেছে ও ভোটের সময় সেই মামলা প্রত্যাহারের প্রলোভন দেখাচ্ছে। যা জনগণের সঙ্গে একটি স্পষ্ট প্রতারণা। তারা একসময় ৩১ দফা সংস্কারের কথা বলেছিল, কিন্তু নিজেরাই সেই প্রতিশ্রুতি বিক্রি করে দিয়েছে। এখন তারা আবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এসব মিথ্যা প্রতিশ্রুতিতে আপনারা বিভ্রান্ত হবেন না।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা চাই না কোনো আসন নষ্ট হোক, কোনো আসন চাঁদাবাজ বা সন্ত্রাসীদের হাতে যাক কিংবা যারা নতুন করে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে চায়, তাদের হাতে যাক। আমাদের ভেদাভেদের কারণে যেন এমন কিছু না হয়। আমরা সিলেট বিভাগের অনেক প্রার্থীর মাঝখান থেকে প্রীতম দাশকে মনোনয়ন দিয়েছি। তিনি এই এলাকার মানুষের জন্য কাজ করে গেছেন। চা-বাগানের শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি ফ্যাসিস্ট আমলে জেল খেটেছেন। আপনারা তাকে বিজয়ী করে সংসদে পাঠান।’

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.