কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতাতেই ২০২৪ সালের গণআন্দোলন এবং বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে দলটির স্থানীয় শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নূর বলেন, “কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরেই পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়, যা পরে চব্বিশের গণআন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রেখেছে।” তিনি গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের অধিকার আদায়ে গণঅধিকার পরিষদের লড়াই অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম। উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মুন্না ফরাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দীন বাহার, দুমকি প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমন, বেসরকারি স্কুল-কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ এবং সহকারী শিক্ষক মো. সোহেল খান।
মতবিনিময় সভায় বক্তারা জনসম্পৃক্ত রাজনীতি গড়ে তোলা, স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









