সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়ম ও নেতিবাচক খবর প্রকাশের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে নতুন ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের দুধসর সরকস্থ আলফালা সেন্টারে এক রুকন সম্মেলনে জেলা আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, রুকন সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর দ্বিতীয় অধিবেশনে তিনি অনুপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতিতেই জেলা আমির আলী আজম মোহাম্মদ আবু বকর তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাজুল ইসলামকে ৩ মাসের জন্য সাময়িক বরখাস্তের ঘোষণা দেন।
ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নতুন আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আব্দুল আউয়াল বলেন, সংগঠনের গঠনতন্ত্র ও বিধি-বিধান অনুসারেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি জামায়াত বরদাশত করে না।
নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা আমির আজিজুর রহমান জানান, সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে সাবেক আমিরের বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রচারিত হওয়ায় দলের ভাবমূর্তি রক্ষায় প্রাথমিকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্মেলনে অন্যান্যের মধ্যে জামায়াত নেতা মোয়াবিয়া, শরিফুল ইসলাম ও আব্দুর রাজ্জাকসহ প্রায় দুই শতাধিক রুকন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ জুন ঝিনাইদহ-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মতিয়ার রহমানের ঐচ্ছিক তহবিলের বরাদ্দ থেকে সাইকেল বিতরণ করা হয়। ওইদিন তাজুল ইসলাম বিতরণের তালিকায় পাশের বাড়ির এক শিক্ষার্থীর নাম লিখে সাইকেলটি নিজের নাতনির কাছে তুলে দেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসলে বিতর্ক সৃষ্টি হলে গত বুধবার তিনি সাইকেলটি উপজেলা পরিষদে ফেরত দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









