গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর প্রধান ফটকের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৩.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফা (২২)।
র্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১ জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









