উদ্বোধন হয়েছে প্রায় তিন বছর আগে, অথচ আজও তালা ঝোলানো ঝালকাঠি ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। আধুনিক এই চিকিৎসালয়টি প্রস্তুত থাকা সত্ত্বেও কয়েক লাখ মানুষ প্রতিনিয়ত উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অচলাবস্থার অবসান ঘটিয়ে হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে এবার রাজপথে নেমেছে জেলা জামায়াতে ইসলামী।
শনিবার (৪ জুলাই) সকালে হাসপাতালের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ‘‘দেশের অন্যান্য জেলায় সমসাময়িক হাসপাতালগুলো পুরোদমে চালু হয়ে মানুষকে সেবা দিচ্ছে। অথচ ঝালকাঠিতে সুউচ্চ ভবন ও অবকাঠামো দৃশ্যমান থাকার পরও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। বিগত দিনের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই আজ জেলার লাখ লাখ মানুষকে চিকিৎসার জন্য অন্য জেলায় ছুটতে হচ্ছে।’’
সংগঠনের জেলা সেক্রেটারি ফরিদুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। একটি আধুনিক হাসপাতাল এভাবে ফেলে রাখা কেবল প্রশাসনিক অবহেলা নয়, বরং ঝালকাঠির মানুষের সাথে এক ধরণের অন্যায়। অবিলম্বে এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করে জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ঝালকাঠির স্বাস্থ্য খাতের চিত্র বদলে দিতে ২০১৮ সালে এই ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে তৎকালীন সংসদ সদস্য ভবনটির উদ্বোধন করলেও গত তিন বছরেও সেখানে চিকিৎসা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









