কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে সংবাদপত্রে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের প্রধান গেটের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কুষ্টিয়া সচেতন নাগরিক ফোরামের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে কুষ্টিয়া সচেতন নাগরিক ফোরামের সভাপতি জুয়েল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাসনাত সাব্বির, ইয়াসিন আরাফাত, সাগর, নাসিম, সেতু, আসিফ ও রবিউল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, কুষ্টিয়া ওজোপাডিকোর বর্তমান নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীরা যখন অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সাথে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী ও সুনির্দিষ্ট মহল তাদের এই সাফল্যকে ম্লান করতে উঠেপড়ে লেগেছে। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে না পেরে ওই মহলটি সংবাদপত্রে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও বানোয়াট তথ্য পরিবেশন করে কর্মকর্তাদের সামাজিক ও পেশাগতভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরো বলেন, বিদ্যুৎ বিভাগের মতো একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাধারণ গ্রাহক ও জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়ে যারা সরকারের উন্নয়ন চিত্র ও একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত, তাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় সমাবেশ থেকে।
মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, "আমরা সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে, তবে তা যেন কোনো সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার হাতিয়ার না হয়। প্রকৃত সত্য আড়াল করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।"
তারা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে যেকোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা ও বস্তুনিষ্ঠতা যাচাই করার আহ্বান জানান। উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা ছাড়াও ওজোপাডিকোর বিভিন্ন স্তরের সাধারণ কর্মকর্তা-কর্মচারী এবং সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









